পপির ‘সেভ লাইফ’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:১১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপির প্রথম ওয়েব সিরিজ অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’র শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল গত সপ্তাহে। কিন্তু ডাবিং শেষ হওয়ার পরও কিছু কাজ বাকি থেকে যায়। যে কারণে গত রবিবার রাজধানীর অদূরে নবাবগঞ্জ সদরের একটি শুটিং বাড়ি ও তার আশপাশের বিভিন্ন লোকেশনে ‘ইন্দুবালা’র শুটিং-এ অংশ নিতে হয় পপিকে। এ সময় তারসঙ্গে শুটিংয়ে আরও অংশ নেন শহীদুজ্জামান সেলিম, আঁচল, জামিলুর রহমান শাখা, আবু সাঈদ, সিয়াম নাসিরসহ আরও বেশ ক’জন। ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পপি। এ প্রসঙ্গে পপি বলেন, ‘গত সপ্তাহেই এর ডাবিংয়ে অংশ নিয়েছি। কিন্তু পরে জানলাম যে আরও তিনদিন শুটিং করতে হবে, কিছু কাজ বাকি ছিল। সেভাবেই সিডিউল দিয়ে কাজটি শেষ করেছি। এটা স্বীকার করতেই হয় যে অনন্য মামুন অনেক যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। কাজটি নিয়ে দারুণ আশাবাদী। এটা আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রানুযায়ী অভিনয় করতে। মামুনের সঙ্গে পরামর্শ করেই প্রতিটি দৃশ্যে অভিনয় করেছি। যতটা ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায় সে চেষ্টাই করেছি। অন্যান্য সহশিল্পীও আমাকে সহযোগিতা করেছেন। আমি ইন্দুবালার প্রচারের অপেক্ষায় আছি।’ এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পপি তার নতুন সিনেমা কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’-এর কাজ শুরু করতে যাচ্ছেন। এই সিনেমায় পপিকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে দেখা যাবে। এ প্রসঙ্গে পপি বলেন, ‘এরইমধ্যে অনেকই এর কাজ শুরু করে দিয়েছেন। ডিসেম্বরে আমার কাজ টানা শুরু হবে। ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের চ্যালেঞ্জিং জীবন নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। তাই আমারও অনেক আগ্রহ সিনেমাটির কাজ শুরু করার। আমারও ইচ্ছে আছে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানুষগুলোর জীবন সম্পর্কে বিষদ জানার।’ পপির ‘কাটপিছ’ সিনেমারও কাজ শুরু হবার কথা রয়েছে শিগগিরই। এটি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস। এ ছাড়াও তিনি আরিফের নির্দেশনায় ‘কাঠগড়ায় শরত্চন্দ্র’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। চলতি মাসের শেষ দিনে পপি সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ শুটিং-এ অংশ নিবেন।