ঢাকা শহরে ৮ নম্বর গাড়িগুলো যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত চলে ভায়া মতিঝিল, পল্টন, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট হয়ে। এবং চলাচল কলছে এক যুগেরও বেশি সময় ধরে। তাই এই রুটে চলাচলকারী যাত্রীদের অতি পরিচিত গাড়ি এটি। অসংখ্য যাত্রীর যাতায়াত এ পথে এবং বিশেষ করে গাবতলী ও যাত্রাবাড়ি শহরের এই দুই প্রান্ত থেকে কাকরাইল ও ফার্মগেট যাওয়ার অতি উত্তম মাধ্যম। বিজয়নগর কাকরাইল থেকে আট নম্বর গাড়ি ছাড়া আর কোনো মাধ্যম নেই অন্তত শাহবাগ ও ফার্মগেট যাওয়ার। ৬ নম্বর গাড়ি মালিবাগ মৌচাক হয়ে চলাচল করায় প্রচন্ড জ্যামেই দীর্ঘ সময় কাটাতে হয়। এ অবস্থায় হঠাত্ করে গত ২৭-৯-১৩ তারিখ থেকে ৮ নম্বর গাড়ি বিজয়নগর কাকরাইল দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জনগণের সুবিধার জন্যই নাকি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাস্তবে জনগণ যারপরনাই অসুবিধায় পড়েছে। কেননা কাকরাইল থেকে পল্টন গিয়ে অথবা মৌচাক হয়ে ফার্মগেট আসা সত্যিকার অর্থেই অনেক কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার। যাত্রীদের দুর্ভোগ লাঘবে উল্লিখিত রুটে ৮ নম্বর গাড়ি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. শাহাদুল করিম,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ,
অতীশ দ্বীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পল্টন ক্যাম্পাস, ঢাকা
