তৃতীয় কিস্তির টাকা দাবি

খুলনায় পাটকল শ্রমিক লীগ পরিষদের ৪৮ ঘণ্টার ধর্মঘট

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৪৭
মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে খুলনার পাটকলের একাংশের শ্রমিকরা গতকাল দুই ঘন্টা রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। একই দাবিতে পাটকল শ্রমিক লীগ ও পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ ীয় কমিটি আগামীকাল থেকে ৪৮ ঘন্টা মিলের উত্পাদন বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচির ডাক দিয়েছে। শ্রমিকদের স্বার্থে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন পাটকল শ্রমিক দলের কেন্দ ীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক। গতকাল রবিরার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। তবে শ্রমিকদের একাংশের এ কর্মসূচি চলাকালে অপরাংশের শ্রমিকরা মিলের উত্পাদন অব্যাহত রাখে। প্লাটিনাম জুবিলি জুট মিল ও স্টার জুট মিলের একাংশের শ্রমিকরা নিজেদের মিল থেকে বিক্ষোভ মিছিল বের করে। শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নতুন রাস্তা মোড়ে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর সড়ক অবরোধ করে রাখে। এসময় এক সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধের জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তৃতা করেন শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেন, হারুন আর রশীদ, হুমায়ুন কবির, গাজী মাসুম, সোহরাব হোসেন ও সিদ্দিকুর রহমান।