সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আরো দশজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে গতকাল রবিবার এ নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকরা হলেন বিচারপতি এসএইচ মোঃ নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান। আজ সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
