জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এতদিন মহিলা মানুষের শাসন দেখেছেন। আর একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন। দেখিয়ে দেব- পুরুষ কাকে বলে। গতকাল রবিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৫ম শাখা উদ্বোধন শেষে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।
এরশাদ আরও বলেন, দেশের মানুষ দুই নেত্রীর রাহুগ্রাস থেকে মুক্তি পেতে চায়। নারী নেতৃত্ব চায় না। আর বিশৃঙ্খলা, অশান্তি চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়। আর সে জন্যেই তারা আগামীতে জাতীয় পার্টিকে (এ) ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ওপর আর আস্থা নাই। তারা এককভাবে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু দেশের মানুষ এতো বোকা নয়, তারা এটা হতে দেবে না। সব দলের অংশগ্রহণ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচন হবে না। তিনি আরও বলেন, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এবার জাতীয় পার্টি (এ) এককভাবে নির্বাচন করবে এবং তাতে জয়লাভ করে এককভাবেই ক্ষমতায় আসবে। দেশের মানুষের জন্য দেশের জন্য এবার আমাকে ক্ষমতায় যেতে হবে। আমাকে নির্বাচিত করুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর জেলা ও মহানগর সভাপতি মশিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু প্রমুখ।
