জাবি শিক্ষকদের আন্দোলন অব্যাহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ইস্যুতে শিক্ষক এবং ভিসির অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। গতকাল রবিবারও ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। ভিসি নিজেও তার অবস্থানে রয়েছেন। তবে গতকাল ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন অফিস করেছেন। এদিকে টানা সপ্তম দিনের মত অবরুদ্ধ হয়ে আছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো. আবু হাসান। ভিসি নতুন ডীন নিয়োগ দেয়ায় তার প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে গত সোমবার দুপুর দুইটা থেকে নিজ কার্যালয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষকরা। এর প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করছে অফিসার্স সমিতি। জাবির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু এদিকে পাঁচ কোটি টাকার বিশেষ অনুদানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।