রামুর সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায় গতকাল রবিবার বেলা ২ টার দিকে চৌমুহনী বাস স্টেশন চত্বরে মানববন্ধন করেছে। এসময়ে বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবসিক প্রধান, বিশিষ্ট লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষু, বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের নেতা অলক বড়ুয়া, রামু প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক দর্পণ বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যাপক নিলোত্পল বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব সভাপতি স্বপন বড়ুয়া মেম্বার, বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ। উপস্থিত ছিলেন রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি রজত বড়ুয়া রিকু, বৌদ্ধ যুব নেতা ঝন্টু বড়ুয়া, সুরেশ বড়ুয়া বাঙ্গালী প্রমুখ।
রামু কেন্দ্রীয় বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, রামুর সহিংস ঘটনায় দায়েরকৃত ৮টি মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিদের অযথা হয়রানি বন্ধের স্বার্থে সত্ ও দক্ষ অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। কর্মজীবনে তিনি একজন সত্ ও ন্যায়নিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচিত।
