হূদরোগ ইনস্টিটিউটে কেনাকাটার দুর্নীতি খতিয়ে দেখবে দুদক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৪৯
হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সা সামগ্রী কেনাকাটায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ যাচাই-বাছাই করে দুদক হূদরোগ ইনস্টিটিউটের ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন অর্থ বছরে কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুল্লাহ আল সাফি মজুমদারের কাছে ক্রয় সংক্রান্ত নথিপত্র তলব করে চিঠি দেয়া হয়েছে। জানা গেছে, দুদকের উপ-পরিচালক খায়রুল হুদার স্বাক্ষরিত ওই চিঠিতে এমএসআর সামগ্রী ক্রয়ের টেন্ডার ডকুমেন্ট, প্রাপ্ত দরপত্রসমূহ, তুলনামূলক বিবরণী, টেন্ডার কমিটি, সার্ভে কমিটি, মালামাল গ্রহণ কমিটির সিদ্ধান্ত, কার্যাদেশ, বিল-ভাউচার, মালামাল গ্রহণের রেজিস্ট্রারসহ যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, হাসপাতালের চিকিত্সা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির প্রাথমিক তথ্য দুদকের হাতে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, সরকারের কোটি কোটি টাকা আত্মসাত্ করা হয়েছে। অনুসন্ধানের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে অনুসন্ধান শেষে আত্মসাতের অর্থের পরিমাণ জানা যাবে।