বাঁশখালী উপজেলার গণ্ডামারা বাজারে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিভিন্ন ধরনের ব্যবসার ৯টি দোকান। এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এর ফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বর্তমানে হয়েছে পথে বসার উপক্রম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—আবদুর রহিম, নান্না মিয়া ও আমীন সওদাগর, নান্টু ধর, আবু ছালেহ সওদাগর, আবদুল গফুর, আবুল হোসেন, মোখতার আহমদ ও আনোয়ার হোসাইন। এছাড়া পুড়ে গেছে গ্রামীণ শক্তির ৩টি সৌর সোলার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারে গত শনিবার গভীর রাতে একটি দোকানে জ্বলতে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গ্রামবাসীরা এসে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুড়ে যায় ৯টি দোকান।
