নগরীর বিমানবন্দর থানার পাংশায় স্ত্রী ও তিন মাসের কন্যা শিশুকে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত খোকন। গত শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন।
তিনি বলেন, গ্রেফতারের পর জবানবন্দিতে খোকন স্ত্রী সুখী বেগম ও তিন মাস বয়সী শিশু কন্যা আকলীমাকে খুনের কথা স্বীকার করে। খোকনের দাবি, তার ভাতিজা সোহেলের সাথে সুখী বেগমের অবৈধ সম্পর্ক ছিল। মেয়ে আকলিমা সোহেলেরই সন্তান ভেবে, স্ত্রী-কন্যাকে একত্রে হত্যার পরিকল্পনা নেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে পরিকল্পনা অনুযায়ী খোকন তার স্ত্রী ও কন্যাকে গলা কেটে হত্যা করেন। পরে নৌ-পথে ভোলায় গিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিয়ে তিনি আত্মগোপন করেন। গত শুক্রবার বাড্ডার সুবাস্তু এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়।
