মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলমান আর্থিক সংকট তথা শাট ডাউনের জন্য কংগ্রেসের স্পীকার জন বোয়েনারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সংকট নিরসনে স্পীকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষমতা থাকলেও তিনি সেটি করেননি। এদিকে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল। খবর রয়টার্স ও সিএনএন’র।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে ওবামা বলেন, কংগ্রেস সরকারকে চলমান আর্থিক সংকট থেকে বাঁচাতে পারতো। ওবামা বলেন, আমরা জানি, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের অনেক সদস্য রয়েছেন যারা সরকারকে শাট ডাউন থেকে মুক্তি দিতে ভোট দেয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু স্পীকার বললেন, তিনি আরো বেশি ঐকমত্য চান। আর এতেই কাজটি সম্পন্ন হলো না। ইতোমধ্যে স্পীকারের বিরুদ্ধে নানা সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার কর্মসূচি নিয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত। ওবামা তার এই কর্মসূচি থেকে পিছু হটবেন না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রিপাবলিকানরা এই ঘটনায় তাদের বিজয় মনে করছে। বিশ্লেষকরা ধারণা করছেন, মধ্য অক্টোবর পর্যন্ত এই অচলাবস্থা চলতে পারে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের আহবান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চার লাখ কর্মীর মধ্যে নব্বই শতাংশকে কাজে যোগ দিতে বলা হয়েছে। ‘পে আওয়ার মিলিটারি অ্যাক্ট’ এর আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। অচলাবস্থা শুরুর আগের দিন সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা এই অ্যাক্টটি নবায়ন করেন। বেতন না দিয়েই বাড়িয়ে পাঠিয়ে দেয়া ৮ লাখ ফেডারেল কর্মীর পাওনা মিটিয়ে দেয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। রিপাবলিকান-ডেমোক্র্যাটদের সহযোগিতায় প্রতিনিধি পরিষদে ৪০৭-০ ভোটে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাব অনুযায়ী, অচলাবস্থা নিরসন হলেই কর্মীদের প্রাপ্ত পাওনা মিটিয়ে দেয়া হবে। তবে ফেডারেল বাজেট নিয়ে অচলাবস্থা গত ছয়দিন ধরে বজায় আছে।
