বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, ১৯৯১ সালে এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে গণতন্ত্রের নামে দুর্বৃত্ততন্ত্র শুরু হয়েছে। ছাত্রদের দুর্বৃত্তের দল হিসাবে গড়ে তোলা হয়েছে। রাজনীতির মাধ্যমে প্রতিনিধি বানিয়ে দুর্বৃত্ত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমি মহাজোট সরকারে আছি। দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতে পারিনি। রাজনীতিতে যে গুণগত পরিবর্তন চেয়েছি তা পারিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কোন সরকার আমাদের বোকা বানাতে পারবে না। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর নিয়ে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। ভবিষ্যত্ পরিস্থিতি হচ্ছে সংঘাত এবং সংঘর্ষের। আমরা সবাই সবার মতো চাচ্ছি নির্বাচন হয়ে যাবে। আসলে কি হবে কেউ জানে না। নির্বাচনে যে দল পরাজিত হবে তাদের অস্তিত্ব সংকট হতে পারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এ কারণে কেউ সরে যেতে চাচ্ছে না। দু’দলেরই শক্তি আছে অর্থ আছে। ৯১ থেকে গণতন্ত্রের সংগ্রাম হয়েছে কিন্তু পরে তা পরিবারতন্ত্র হয়েছে। জনগণের কথায় দেশ পরিচালিত হচ্ছে না।
তিনি রবিবার সন্ধ্যায় স্থানীয় আতার্তুক মিজান মিলনায়তনে দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার।
