গুরুতর অসুস্থ ব্যারিস্টার মওদুদ হাসপাতালে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫৭
সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি প্রফেসর ডা. মনিরুজ্জামানের অধীনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিত্সাধীন রয়েছেন। গতকাল রবিবার সকাল থেকেই অসুস্থবোধ করছিলেন ব্যারিস্টার মওদুদ। বুকে ব্যাথার পাশাপাশি বাথরুমে যাওয়ার পথে তিনি তার গুলশানের বাসার মেঝেতে পড়ে যান। এ অবস্থায় ইউনাইটেড হাসপাতালের চিকিত্সকবাহী এ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে মওদুদের অসুস্থতার সংবাদ শুনে রাজনীতিবিদসহ তার শুভাকাঙ্ক্ষী এবং নোয়াখালী, বগুড়ার নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় জমান।