বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ পালন করা হচ্ছে বিশ্ব শিশু দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে-‘শিশুর অধিকার নিশ্চিত করলে দূর হবে অন্ধকার’। বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন সভা, সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে ।
দিবসটি উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার বাণীতে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত্। তারাই আগামীতে বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে, সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতিসংঘ ১৯৮৯ সনে শিশু অধিকার সনদ ঘোষণার বহু পূর্বেই ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন। বর্তমান সরকার গত সাড়ে চার বছরে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বিশ্ব শিশু দিবসে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন শিশু সংগঠন।
