আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের একটি দল সিরিয়ার রাসায়নিক অস্ত্রের কারখানা এবং মজুদ ধ্বংসের কাজ শুরু করেছেন। তারা দেশটির অজ্ঞাত এক স্থানে অস্ত্র পরীক্ষা করছেন এবং ধ্বংস করছেন। খবর বিবিসির।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ‘ওপিসিডব্লিউ’র এক পর্যবেক্ষণ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থার কর্মকর্তারা সিরিয়ার এক অজ্ঞাত স্থানে এখন এসব অস্ত্র পরীক্ষা করছেন এবং সেগুলো ধ্বংস করছেন। রাসায়নিক অস্ত্রের গোলা, বোমা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করতে ভারি যানবাহন ব্যবহার করা হতে পারে। গত ২১শে আগস্ট দামেস্কে রাসায়নিক অস্ত্র দিয়ে এক গুরুতর হামলা চালানো হয় এবং এতে অনেক হতাহত হয়। ওই ঘটনার পর এসব অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার লক্ষ্যে জাতিসংঘের সাথে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের সাথে সমঝোতা হয়। এরপর এ বিষয়ে জাতিসংঘে যে প্রস্তাব পাস হয়, তার আওতায় এসব অস্ত্র সম্ভার বিনষ্ট করা হচ্ছে।
