আগামী শুক্র ও শনিবার সীমান্তের সব ব্যাংক খোলা থাকবে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:৪১
আসন্ন ঈদ-উল-আযহা ও দুর্গা পূজার ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাংলাদেশ-ভারত সীমান্তের ও স্থল বন্দরগুলোর তফসিলী ব্যাংকের সকল শাখা খোলা থাকবে। বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্ধারিত কয়েকটি শাখা এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজড ডিলার) সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা থাকে। ২০০৬ সালের এক নির্দেশনার পর থেকে এ নিয়ম বজায় রয়েছে। ঐ নির্ধারিত শাখার মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর, চট্টগ্রাম ও মংলার নৌবন্দর এবং বেনাপোল, সোনামসজিদ, হিলি ও আইসিডি (কমলাপুর) স্থলবন্দর। এছাড়া আমদানি-রফতানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট অন্যান্য অথরাইজড ডিলার শাখাগুলোর মধ্যে যেসব শাখা খোলা রাখা প্রয়োজন সেসব শাখা ব্যাংকগুলোর নিজস্ব বিবেচনায় শনিবার খোলা রাখতে পারবে মর্মেও নির্দেশনা রয়েছে।