স্কাইপে’র মাধ্যমে চাঁদাবাজি!

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:৪৩
চাঁদাবাজির কাজে এবার স্কাইপের ব্যবহার শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতে পালিয়ে থাকা যশোরের শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটনের সহযোগীরা ‘টার্গেট’ ঠিক করে স্কাইপে যোগাযোগ করিয়ে দিচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, যশোর শহরের মনিহার এলাকার সেলিম পলাশ নামে ফিঙ্গে লিটনের এক সহযোগী বিভিন্ন সময়ে এলাকার মানুষকে টার্গেট করে তার ডেরায় ডেকে নিয়ে যায়। এরপর স্কাইপের মাধ্যমে যোগাযোগ করে ফিঙ্গে লিটনের সাথে কথা বলিয়ে দেয়। এসময় ফিঙ্গে লিটন ওই ব্যক্তিকে তার ওপর ধার্য করা চাঁদার পরিমাণ জানিয়ে দেয়। দাবিকৃত চাঁদা না দিলে তার ওপর চালানো হয় নানা নির্যাতন। রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসী এমন অভিযোগ করেছেন। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুরাতন টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটন বাহিনীর হাতে যশোর শহরের মনিহার, সিটি কলেজপাড়া ও বারান্দীপাড়া এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। তাদের ছিনতাই, বোমবাজি, গুলিবর্ষণ ও মাদক ব্যবসার বিস্তারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি ওই বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা ও শ্রমিক নেতাকে গুলি করেছে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর।