ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় নারীসহ সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রতিটি গ্রাম দুই ভাগে বিভক্ত। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফেরার পথে মাসুম চেয়ারম্যানের সমর্থক গোলাপ নামের এক ব্যক্তিকে মারধর করে প্রতিপক্ষের সমর্থকরা। এরই জের ধরে ওই রাতে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর, চন্দ্রযামী ও কান্দড়া গ্রামের দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। সেসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
