ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর রূপপুর মোড়ে শুক্রবার গভীর রাতে পুলিশী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে অভিযানের সময় দেহ তল্লাশি করে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়বাসহ গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রির চরের সাইফুল ও রাজশাহীর বাঘা উপজেলার চর ছাত্তারি গ্রামের সোহেল রানা। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে শনিবার ভোরে তিন লাখ ৬২ হাজার ২শ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, কাপড়, ইমিটেশন গহনা, ল্যাপটপ, গুঁড়া দুধ ও চাপাতা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি। বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের হিজলদি, মাদরা, কালিয়ানী ও ভোমরা সীমান্তের স্ব স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামালগুলো জব্দ করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়ায় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে উপজেলার ফুলঝুড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সাফাবন্দরের আ. মালেক ভুঁইয়ার ছেলে ফয়সাল ভুঁইয়া ও শরণখোলার বানিয়াখালি গ্রামের মিজান হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম মুইন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিত্সক গুরুতর আহত ফয়সাল ভুঁইয়াকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় উভয়পক্ষের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের
অভিযোগে কিশোর গ্রেফতার
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ধর্ষক সুফিয়ানকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরীয়া গ্রামের সাহেব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার একই গ্রামের ওই শিশুর মা বাড়িতে ছিলেন না। এ সময় ওই শিশুকে একা পেয়ে খেজুরের লোভ দেখিয়ে সুফিয়ান ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে সুফিয়ান গা ঢাকা দেয়। পরদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
