দৈনিক ইত্তেফাকে (২৪/৯/২০১৩) প্রকাশিত “দুদক আইনের অধীনে আসবে যে কোন সংস্থা বা প্রতিষ্ঠান” শীর্ষক সংবাদটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ প্রসঙ্গে আমাদের বক্তব্য হলো, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের আলোকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদিত দুর্নীতি দমন কমিশনের সংশোধিত আইনটি দীর্ঘ কয়েক বছর ধরে সংসদে পাস হওয়ার অপেক্ষায় দিন গুনছে। আইনটি পাস হলে দুদক তাদের অনুসন্ধান, তদন্ত ও বিচার কাজে পূর্ণ ক্ষমতা ও স্বাধীনতা ভোগ করতে পারবে। কারণ তখন দুদক অন্য যে কোনো সংস্থার বিধিবদ্ধ আইনের ওপর প্রাধান্য লাভ করবে। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পথে আর কোনো আইনী প্রতিবন্ধকতা থাকবে না। বিষয়টির সঙ্গে সহমত পোষণ করে আমরাও বলতে চাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য এনবিআর ও ব্যাংক থেকে চাহিদামতো তথ্য পাওয়ার বিষয়টি দুদকের জন্য খুবই প্রয়োজনীয়। অতএব আমাদের প্রত্যাশা, সরকার সংসদের চলতি অধিবেশনে আলোচিত আইনটি পাস করে দুর্নীতির বিরুদ্ধে তার নির্বাচনী অঙ্গীকার পূরণে শেষ সুযোগটি গ্রহণ করবেন।
মাহবুব আলী,
৪১, আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা ১০০০
