বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করনারি ইউনিটে (আইসিইউ) প্রফেসর ডা. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, তিনি চিকিত্সকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তিনি শঙ্কা মুক্ত কি না তা ৪৮ ঘণ্টার আগে জানা যাবে না।
এদিকে মওদুদের অসুস্থ হওয়ার খবরে তার সমর্থকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকরা হাসপাতালে ভিড় করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক এলাহীসহ সিনিয়র আইনজীবীরা তার সাথে দেখা করে সুস্থতা কামনা করেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ও ভারতের হাই কমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ফুলের তোড়া ও বার্তা পাঠিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।
