কারো প্রতি ভালবাসা থাকলে যেকোনোভাবে তার প্রকাশ ঘটাতে হয়। নতুবা মনে শান্তি আসে না। আর ভালবাসার মানুষটি যদি নিজের চেয়ে ক্ষমতাবান হন তাহলে হয়তো একটু কৌশল অবলম্বন করতে হয়। ঠিক সেই কৌশলটিই করায়ত্ত করেছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের এক মন্ত্রী।
১৯৮৩ সালের কথা। আর সেটি প্রকাশ পেল গতকাল সোমবার। লৌহমানবী নামে খ্যাত প্রধানমন্ত্রী থ্যাচারের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন তারই মন্ত্রিপরিষদের প্রতিরক্ষামন্ত্রী জন নট। তিনি ওই বছর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আপনার সফলতার বড় কারণ আপনার সহকর্মীরা আপনাকে পছন্দ করে। কেউ হয়তো ভালবাসেও, সামান্য। আপনার সুন্দর চাহনি, হাসি এবং সৌন্দর্য সবসময়ই আমাকে আকৃষ্ট করে। আমি জানি এটা ভুল। কিন্তু কি করি! আমি মনে করি আপনার আবেগ, সহজাত প্রবৃত্তি এই পুরুষতান্ত্রিক বিশ্বে আপনার সফলতার পেছনে কাজ করছে। শেষে নট লেখেন, ‘ভালবাসার জন’। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন থ্যাচার। চলতি বছরের এপ্রিলে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন থ্যাচার। ১৯৮৩ সালের তার ব্যক্তিগত নথিপত্র প্রকাশ করেছে থ্যাচার ফাউন্ডেশন। -এনডিটিভি
