লাইসেন্স ছাড়া প্রতারণার মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনার অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ বিল পাস হয়েছে।
গতকাল সোমবার রাতে বাণিজ্য মন্ত্রী জিএম কাদের বিলটি উত্থাপন করে পাস করার প্রস্তাব করেন। প্রস্তাবিত আইনটি হওয়ার ৯০ দিনের মধ্যে এমএলএম কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিকে এ আইনের বিধান অনুসারে লাইসেন্সের জন্য সরকারের নিকট আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া এমএলএম কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি কেউ করেন তা অপরাধ হিসাবে গণ্য হবে। আর এই অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
