জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা ভিসির বাসভবনের অবস্থান কর্মসূচী অব্যাহত রেখে নতুন করে তিনদিনের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৮, ৯ ও ১০ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। চলমান পরীক্ষা এবং পরিবহন-এর আওতামুক্ত থাকবে। সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আসন্ন ভর্তি পরীক্ষা কমিটির সভায় ২৩ জন বিভাগীয় সভাপতি অনুপুস্থিত ছিল। এদের সবাইকে ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্তকরণের আহ্বান জানান তিনি। ভিসি লিখিত আদেশ দিলেই প্রোভিসির অধীনে তারা ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ নিবেন। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন নিজ বাসার সামনে অবস্থান কর্মসূচী অব্যাহত রাখলেও তিনি সেখানে উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষক ফোরামের আহ্বায়ক কামরুল আহসান বলেন, অবস্থানের ঘোষণা দিলেও ভিসি সেখাসে উপস্থিত থাকেন না। শুধু মিডিয়ার সামনে কথা বলার সময়েই সেখানে উপস্থিত থাকেন। অবরুদ্ধ রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো: আবু হাসান এখনও তাদের অফিসে রয়েছেন। ভিসি নতুন ডীন নিয়োগ দেয়ায় তার প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে গত সপ্তাহের সোমবার থেকে এখনো পর্যন্ত নিজ কার্যালয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষকরা।
