নিয়োগের দাবিতে অনশনে প্যানেলভুক্ত শিক্ষকরা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৮
সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে অনশনে কর্মসূচিতে বসেছেন বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীর সামনে গতকাল সোমবার এ কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় শিক্ষকরা ‘বেসরকারি রেজিস্ট্রার্ড প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, ২০১০ সালের ২২ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে ২০১২ সালের ৯ এপ্রিল অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। তখন ১৪ হাজার শিক্ষককে নিয়োগ দেয়া হলেও ২৬ হাজার শিক্ষককে প্যানেলভুক্ত করে রাখা হয়। আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমাদের অধিকাংশের সরকারি চাকরির বয়স ইতিমধ্যে পার হয়ে গেছে। ২৬ হাজার রেজিস্ট্রার্ড ও স্বীকৃতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর প্রতিটি বিদ্যালয়ে আরো একজন শিক্ষকের প্রয়োজন হবে। আমাদের এ প্যানেল থেকে সহজেই নিয়োগ দেয়া যায়। আমরা সকল প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়েই প্যানেলভুক্ত হয়েছি। তারা আরো বলেন, প্রায় এক বছর আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। সহ্য করেছি পুলিশের নির্মম নির্যাতন। সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত আমরণ-অনশন চালিয়ে যাবো। নিয়োগ ছাড়া বাড়ি ফিরে যাবো না। প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের সভাপতি অপু সরকার বলেন, আমরা গতকাল শহীদ মিনারে অবস্থান নিয়েছিলাম। শান্তিপূর্ণ কর্মসূচি চলার সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সেখান থেকে সরে যেতে বলা হয়। শিক্ষক নেতারা বলেন, আমরা সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।