দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী বিশ্ববরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলা বেশ ভালো আছেন। তার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা এ কথা জানান। খবর এএফপির’র।
ম্যান্ডেলা (৯৫) হাসপাতালে থাকার প্রায় তিন মাস পর এখন বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসিকে উইনি বলেন, তিনি ভালো আছেন। গত ১ সেপ্টেম্বর হাসপাতাল ছাড়ার পর ম্যান্ডেলা জোহানেসবার্গে তার বাড়িতে রয়েছেন। এখানে তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। প্রিটোরিয়া হাসপাতালে তিনি ৮৬ দিন ছিলেন। এসময় তার অবস্থাকে সংকটজনকের পাশাপাশি স্থিতিশীল বলেও বর্ণনা করা হয়েছে। তবে সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবস্থা অনেকটা ভালো বলেই প্রচার করা হচ্ছে। ম্যান্ডেলার নাতি গত মাসে বলেছেন, তিনি আগের চেয়ে অনেক ভাল। এখন বিছানায় উঠে বসতে পারছেন। উল্লেখ্য, ম্যান্ডেলা প্রায় আজীবন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হন। তিনি ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
