রাজধানীর কমলাপুর রেলওয়ে ষ্টেশনের টিকেট বুকিং ক্লার্ক মো. ইসরাফিলকে (৬০) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে কমলাপুর এলাকা থেকে তাকে আটক করে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেন জানান, আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় বলা যাচ্ছে না। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদি তিনি।
গত শুক্রবার রাতে ষ্টেশনের টিকিট ঘরে দায়িত্ব পালনের সময় খুন হন বুকিং সহকারী ইসরাফিল। শনিবার সকালে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন কমলাপুর রেলওয়ে থানায় (জিআরপি) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ইসরাফিল খুন হয়েছেন বলে সন্দেহ করে পরিবার।
রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি রেলওয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন। তবে তিনি কমলাপুর রেলওয়ে ষ্টেশনের কর্মচারীদের সহযোগী হিসেবে কাজ করতেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসরাফিলকে হত্যার সঙ্গে রেলওয়ের কয়েকজন কর্মীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আটককৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে নিহতের পরিবার। নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, টিকিট ঘরটি অত্যন্ত সুরক্ষিত। বাইরের কোনো লোক সেখানে ঢুকে হত্যাকাণ্ড ঘটানো অসম্ভব। তিনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
