বই উ ত্ স ব

হাতে রাখি হাত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৪
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না-ও বন্ধু’ গানের এই লাইনটির সাথে রয়েছে মানুষের জীবনের এক গভীর সম্পর্ক। একজনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনায়, রোগে-শোকে আরেকজন পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই স্বভাবিক। আর এই সহযোগিতা যদি হয় কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত মানুষের জন্য তাহলে কেমন হয়? রোগে-শোকে মানুষের পাশে থেকে সাহায্য করে যাচ্ছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনি একটি সংগঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। ‘আত্মার কাছে দায়বদ্ধতায়, হাতে রাখি হাত’ এই শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ‘কিন’ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পালন করে আসছে। রক্তদান কর্মসূচি, চ্যারিটি শো প্রদর্শন, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুস্থদের চিকিত্সা সেবা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করাসহ নানান সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড পালন করে যাচ্ছে। কিনের এই স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রোগাক্রান্ত মানুষের চিকিত্সা সহায়তায় প্রতিবছর আয়োজন করে থাকে ‘কিন বই উত্সব’। প্রতিবারের ন্যায় এবারও কিন আয়োজন করেছে ‘আমার নিউজ ডট কম কিন বই উত্সব ’১৩। এবারের বই উত্সবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাশেদুল হাসান নাবিদের সাহাযার্থে। নাবিদ মরণব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত। সে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। উন্নত চিকিত্সার জন্য অচিরেই তাকে ভারতে নিয়ে যেতে হবে। এজন্য প্রায় ৫০ লক্ষ টাকা দরকার। বই উত্সব থেকে প্রাপ্ত কমিশনের পুরো টাকায় নাবিদের চিকিত্সা সহায়তায় দেয়া হবে। বই উত্সবে অংশগ্রহণ করেছে— অন্যপ্রকাশ, সময়, অন্বেষা, তাম্রলিপি, অনুপম, অনন্যা, শ্রাবণ, পাল,আগামী, ইত্যাদি, কাকলী, প্রথমা, সন্দেশ, রোদেলা, প্রভৃতি স্বনামধন্য ১৪টি প্রকাশনা সংস্থা। বই মেলা থেকে প্রাপ্ত সমস্ত টাকা নাবিদের চিকিত্সার জন্য দেয়া হবে।