জান-ই-আলম
স্বপ্নবাজ, আত্মবিশ্বাসী, সাহসী এক চরিত্র মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। দ্বিতীয় দফায় নেতৃত্ব পাওয়ার পর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে ওয়ানডেতে ভূপাতিত করেছিল বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে। এশিয়া কাপের দুইটি ফাইনালে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্ব গুণ প্রশংসিত হয়েছে ক্রিকেট বিশ্বে। কয়েকদিন আগেই পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি।
দুই পায়ে সাতটি অস্ত্রোপচারের পরও অদম্য মনোবল নিয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি, দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মতোই ট্রফির ক্ষুধা নিয়ে ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়ানো নড়াইল এক্সপ্রেসকে ক্রিকেট বিধাতা খালি হাতে ফেরায়নি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বেই বহুজাতিক টুর্নামেন্টে প্রথম ট্রফি জিতল টাইগাররা।
অবশেষে মাশরাফির হাতেও উঠল ট্রফি। গতকাল জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিসিবির পরিচালকরা বলেছেন, এই অর্জন-সম্মান মাশরাফির প্রাপ্য।
গতকাল অধিনায়ক মাশরাফির প্রশংসায় জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, ‘ও যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, দেশের জন্য খেলেছে, দেশ মাতৃকার জন্য নিজের সেরাটা দিয়েছে এটা অনন্য। আমি জানি না বিশ্বকাপের পর ও আর খেলবে কি না। বিশ্বকাপের আগে এমন একটা ট্রফি জয় ওর জন্য বিশেষ কিছু। তাই বলতে হয়, মাশরাফি দিস ইজ ফর ইউ।’ বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেছেন, ‘অনেক বছর ধরে দেখছি মাশরাফিকে। ওর হাতে ট্রফি দেখতে পারাটা অনেক আনন্দের। কি করে জিনিসটা আদায় করে নিতে হয় এটা জানে। ও খুব ভালো মানুষ। জুনিয়রদেরও সমান সম্মান দেয়। তাতেই দলটা এমন ঐক্যবদ্ধ থাকে। ওর এটা প্রাপ্য ছিল।’
শুরুর সংগ্রামের দিন থেকে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল ববি। গতকাল তিনি বলেছেন, ‘অনেক মনোবল নিয়ে শারীরিক কষ্ট-ত্যাগ পেরিয়ে এই পর্যায়ে এসেছে ও। নেতৃত্বটা ঠিকমতো দিতে পেরেছে। এই সম্মান তার সঙ্গেই মানায়। এটা ওর প্রাপ্য সম্মান।’
২০১৪ সালের শেষদিকে বিসিবি আবার নেতৃত্বে ফিরিয়েছিল মাশরাফিকে। বোর্ডের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি কড়ায়-গন্ডায়। বর্তমান সময়ে বিসিবির প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গতকাল বলেছেন, ‘আমরা বোর্ডে আসার পর থেকেই ভালো একজন অধিনায়ক খুঁজছিলাম। বোর্ড সভাপতির একান্ত চেষ্টায় কিন্তু মাশরাফিকে আবার নেতৃত্বে তুলে আনা হয়েছে। মাশরাফি দেশের জন্য যা করেছে, আমি বলবো আসলে এই ট্রফি সে আরো আগে প্রাপ্য ছিল। আমার মনে হয় এই অর্জন মাশরাফির প্রাপ্য।’
