স্পোর্টস ডেস্ক
ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদবের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার মেঘ কেটে গিয়েছে। কাঁধের চোট থেকে দ্রুত সেরে উঠে বিশ্বকাপ যাত্রার জন্য ফিট বলে ঘোষণা করা হয়েছে। দলের সঙ্গে আগামী ২২ মে ইংল্যান্ডের বিমানে চড়বেন তিনি।
সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ লিগ ম্যাচে কাঁধে চোট পান ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। এরপর দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার সেরে ওঠার প্রক্রিয়া। পরে এই প্যাট্রিকই বিসিসিআইয়ের কাছে যাদবের ফিটনেস প্রতিবেদন জমা দেন যাতে তার বিশ্বকাপে খেলা নিয়ে দুশ্চিন্তা দূর হয়।
গেল বৃহস্পতিবার ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) বিকেসি ফ্যাসিলিটিতে ফিটনেস পরীক্ষা দিতে হয় পুনে প্রদেশের এই খেলোয়াড়কে। যাতে সফলভাবে উত্তীর্ণ হন কেদার যাদব। যাদব ভারতীয় দলে ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৩.৫০ গড়ে ১১৭৪ রান করেছেন, যাতে শতক আছে দুইটি আর পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন পাঁচটি। এমন সব সংখ্যা তিনি অর্জন করেছেন ১০২.৫০ স্ট্রাইক রেটে, যা হালের ভারতীয় ব্যাটিং লাইনআপে তাকে দারুণ গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। এখানেই শেষ নয়, কিছুটা বিদঘুটে বোলিং অ্যাকশন দিয়ে এ সময় বাগিয়েছেন ২৭ উইকেটও। তাই ইংল্যান্ডে কেদার যাদব অধিনায়ক বিরাট কোহলির জন্য স্পিন বিকল্প হিসেবেও দারুণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
