সরকারকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়ে আপাতত ২০ অক্টোবর পর্যন্ত সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিকের আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ। এর মধ্যে সরকার দাবি পূরণ না করলে আগামী ২১ অক্টোবর কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (একাংশ) সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসূচি স্থগিতের কথা জানান তিনি।
তোতা জানান, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা এইচটি ইমামের অনুরোধে আগামী ২০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা আশা করছি এরমধ্যে সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে। অন্যথায় ২১ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভার মাধ্যমে কঠোর কর্মসূচি আসবে। তোতা বলেন, গত ১ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক সমাবেশ ও অনশন শুরু করেন। সরকারের প্রতিনিধিরা দাবি আদায়ের আশ্বাস দিলে প্রাথমিক শিক্ষকরা ৬ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।
