মোহামেডানের তৃতীয় জয়

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১৮

মোহামেডান ১ :০ আরামবাগ

স্পোর্টস রিপোর্টার

গত জানুয়ারিতে ময়মনসিংহের মাঠে আরামবাগের কাছে ৪-১ গোলে হেরেছিল মোহামেডান। বিধ্বস্ত সেই মোহামেডান কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিশোধ নিয়েছে। মোহামেডান ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ১৬ মিনিটে গোল করেন তকলিস আহমেদ।

মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ সিন ব্রেন্ডেন লেন খেলা শেষে বলছিলেন তিনি খেলোয়াড়দের ফাঁকি ধরার জন্য কালকের খেলা জার্সিতে জিপিএস সংযুক্ত করেছিলেন। যেন কেমন খেলছে তা ধরা যায়। বলে দিয়েছিলেন যারা ফাঁকি দেবে তাদেরকে বাদ দেওয়া হবে একাদশ হতে। তাই হয়ত মোহামেডান খেলোয়াড়রা কালকের খেলায় শ্রম দিয়ে খেলার চেষ্টা করেছেন।

এক জয়ে মোহামেডান অনেকটা সুবিধাজনক স্থানে উঠেছে। মোহামেডান ১৪ খেলায় ৩ জয়ে ১২ পয়েন্ট পেয়ে ব্রাদার্স এবং নোফেল ক্লাবকে টাপকে গিয়েছে। রেলিগেশন হতে বাঁচার চেষ্টা করছে মোহামেডান। আরামবাগের ফুটবলে যেমনটা ঝাঁঝ দেখা যায় কাল মোহামেডানের বিপক্ষে খেলায় সেটি দেখা যায়নি।

আরামবাগ ফিরতি লিগে খেলোয়াড় পরিবর্তন করেছিল। নাইজেরিয়ান কিংসলে জনকে বাদ দিয়ে উজবেক ফুটবলার মুরদজংকে নিয়েছে। কিন্তু এই ফুটবলার অন্যদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। অনেক দিন পর জুয়েল ইনজুরি কাটিয়ে মাঠে নামলেন। কিন্তু পরে মাঠে সুবিধা করতে পারেননি। ভালো খেলেছেন মোহামেডানের নতুন ফুটবলার মালির সুলেমান দিয়াবাতে। আরামবাগের রক্ষণ খুলে বক্সে ঢুকে কাটব্যাক করে দিলে তকলিস আহমেদ গোল করেন ১-০।  আরামবাগ ১৪ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।