বিশিষ্ট মানচিত্র প্রকাশনা ব্যবসায়ী মোশাররফ হোসেনের ইন্তেকাল

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২২:০৮
বাংলাদেশ মানচিত্র প্রকাশনা শিল্পের অন্যতম উদ্যোক্তা ও আন্তর্জাতিক মানের মানচিত্র তৈরি প্রতিষ্ঠান ‘গ্রাফোসম্যান’ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন (৬৪) গত সোমবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। ঢাকার নবাবগঞ্জ নিবাসী মোশাররফ হোসেন মানচিত্র প্রকাশনা শিল্পে আসার আগে বিআরডিবি’র সহকারী পরিচালক ছিলেন। মানচিত্র প্রকাশনা ব্যবসায় ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত ‘গ্রাফোসম্যান’ এ পর্যন্ত বিশ্বমানের দুই শতাধিক মানচিত্র প্রকাশ করেছে। ঢাকায় সেগুনবাগিচাস্থ নিজ বাসভবনে তিনি বেশ কিছুদিন যাবত্ দুরারোগ্য পারকিনসন্স রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর সেগুনবাগিচায় জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।