যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ৯০ বছরের সাজার বিরুদ্ধে জামায়াতে ইসলামের সাবেক আমীর গোলাম আযমের দায়ের করা আপিলের সার-সংক্ষেপ আগামী ৫ নভেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। ইতিমধ্যে সরকার পক্ষের দায়ের করা আপিলের সার সংক্ষেপ জমা দেয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমকে গত ১৫ জুলাই ৯০ বছরের সাজা দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। অপরাধ বিবেচনায় ‘সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য’ হলেও ‘বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায়’ ট্রাইব্যুনাল তাকে এ দণ্ড দেয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে গত ৫ আগষ্ট বেকসুর খালাস চেয়ে আপিল করেন গোলাম আযম। অপরদিকে তার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে সরকার। গত ১২ আগষ্ট সরকারের করা আপিলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন্য একটি আবেদনও দাখিল করা হয়।
গতকাল মামলাটি কার্যতালিকায় আসলে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপিলের সার-সংক্ষেপ দাখিলের সময় চেয়ে আবেদন করেন। আদালত ৫ নভেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
