মওদুদের অবস্থার কিছুটা অবনতি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৮
হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটার পর আবারো বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার সিটিস্ক্যান ও এনজিওগ্রাম করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. অধ্যাপক মমিনুজ্জামানের অধীনে চিকিত্সাধীন আছেন। গত রবিবার হূদরোগে আক্রান্ত হলে তাকে গুলশান এভিনিউ’র বাসা থেকে দ্রুত ঐ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখার জন্য গতকাল হাসপাতালে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান, ড. ওসমান ফারুক, শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু, সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ প্রমুখ।