জিন্স নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যকে ব্যঙ্গ করলেন ইরানি তরুণরা। নেতানিয়াহু এক সাক্ষাত্কারে বলেছিলেন, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ইরানিরা জিন্স পরতে পারেন না।
গত শুক্রবার বিবিসি’র পার্সি টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে নেতানিয়াহু বলেন, ইরানি তরুণরা স্বাধীনতা পেলে নীল রঙ্গের জিন্স পরবে এবং পশ্চিমা গান শুনবে। এর প্রতিক্রিয়ায় ইন্টারনেটের সামাজিক যোগাযোগ সাইটে দেশে ও বিদেশে অবস্থানরত ইরানি তরুণরা তাদের মতামত প্রকাশ করেছেন। তারা জিন্স পরা এবং পশ্চিমা গান শোনার বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন। কেউ কেউ জিন্স পরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তোলা ছবিও পোস্ট করেছেন। জিন্স ইরানে নিষিদ্ধ নয়। তবে ইসলামিক পোশাকরীতি অনুযায়ী নারীদের চুল ঢেকে রাখতে হয় এবং শালীন পোশাক পরতে হয়। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, জিন্স পরিহিত এক শিশু দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির কানে কানে কিছু বলছেন। ফেসবুকে এক ইরানি লিখেছেন, তিনি আমাদের বোমা দেখতে পেলেও জিন্স দেখতে পান না। -রয়টার্স
