দায়িত্ব নিলেন বরিশাল সিটি মেয়র কামাল

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৯
নির্বাচনের প্রায় চার মাস পর গতকাল মঙ্গলবার ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে নগর ভবনের দায়িত্ব ভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল। নগর ভবনের দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে বিএনপি’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। দায়িত্ব গ্রহণ করেই সাংবাদিক সম্মেলনে তিনি জানান প্রায় দেড়শ কোটি টাকার দেনার ভার নিয়ে তার পথচলা শুরু হলো। গত ১৫ জুন দেশের চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত ৪ মেয়রের শপথ বাক্য একই দিনে পাঠ করানো হয়। বাকি ৩ মেয়র তাদের দায়িত্ব অনেক আগেই গ্রহণ করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের পূর্বের মেয়র শওকত হোসেন হিরনের সময় সীমা শেষ হতে বিলম্ব ঘটার কারণে ৪ মেয়রের মধ্যে সর্বশেষ গতকাল দায়িত্ব নিতে হয়েছে আহসান হাবিব কামালকে।