ফিজিক্সে বেলজিয়ান ইংলার্ট ও ব্রিটিশ হিগ্স নোবেলজয়ী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:১১
হিগ্স-বোসন তত্ত্ব নিয়ে কাজের জন্য চলতি বছর নোবেল পুরস্কার পাচ্ছেন দুই বিজ্ঞানী। তারা হলেন ব্রিটেনের পিটার হিগ্স ও বেলজিয়ামের ফ্রাঙ্কোইস ইংলার্ট। ষাটের দশকে যুক্তরাজ্যের গবেষক পিটার হিগ্সসহ বেশ কয়েকজন বিজ্ঞানী পদার্থের ভর সৃষ্টিকারী অতিক্ষুদ্র একটি কণার সম্ভাবনার কথা বলেন, যা হিগ্স-বোসন কণা হিসেবে পরিচিতি পায়। হিগ্স ও ইংলাটের তত্ত্ব অনুযায়ী ২০১২ সালে সুইজারল্যান্ডের গবেষণাকেন্দ্র সার্নে লার্জ হ্যাড্রন কোলাইডারে হিগ্স-বোসন কণার অস্তিত্বের সন্ধান মেলে।রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে এবারের পদার্থ বিদ্যায় নোবেল সম্পর্কে বলা হয়েছে, এ বছরের পদার্থ বিদ্যায় নোবেল অনেক ছোট বিষয়ের ওপর দেয়া হচ্ছে, যা অন্য সবকিছুর মধ্যে বিরাট এক পার্থক্য গড়ে দিয়েছে। পদার্থে কেন ভর সৃষ্টি হয়, হিগ্স-বোসন তত্ত্ব সে বিষয়ে আলোকপাত করে। নোবেল পাওয়া প্রসঙ্গে ইংলার্ট তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি খুব খুশি। অন্যদিকে, পিটার হিগ্স বলেন, এ পুরস্কার পাওয়ায় আমি অভীভূত। ১৯২৯ সালের ২৯ মে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন হিগ্স। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ লন্ডন, ইমপেরিয়াল কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব এডিনবার্গে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি অব এডিনবার্গে ইমেরিটাস প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন। ১৯৩২ সালের ৬ নভেম্বর বেলজিয়ামে জন্মগ্রহণ করেন ইংলার্ট। ১৯৫৫ সালে ইউনিভার্সিটি লিবার দ্য ব্রাসেল্স্ থেকে ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেন। ১৯৫৯ সালে এই বিশ্ববিদ্যালয় থেকেই পদার্থ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি লিবার দ্য ব্রাসেলসে কর্মরত আছেন এ নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী। পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ডলার) ভাগ করে নেবেন তারা।