৩২তম বিসিএসের (বিশেষ) গেজেট প্রকাশ করেছে সরকার। এর মাধ্যমে দীর্ঘদিন পর নিয়োগ চূড়ান্ত হলো এক হাজার ৬১৯ জন চাকরি প্রার্থীর।
গতকাল মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘চূড়ান্ত ফলের নয় মাস পরও নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার বলেছিলেন, ‘যত শিগগির সম্ভব, প্রজ্ঞাপন জারি করা হবে’। গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন কারিগরি ক্যাডারের প্রবেশ পদে এক হাজার ৬১৯ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়।
চলতি বছরের ১০ জানুয়ারি ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৫৯২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে এক হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। সুপারিশকৃতদের মধ্যে এক হাজার ৩৮৫ জন মুক্তিযোদ্ধা, ২০১ জন নারী এবং ৯৪ জন উপজাতি কোটার প্রার্থী।
