অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, আগামী ২৪ অক্টোবরের পর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই। তাছাড়া সংসদ সদস্যরা কি কাজ করবেন তা নিয়ে সবাই অন্ধকারে রয়েছেন। সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা, সংসদ ভেঙ্গে যাবে কিনা তা কেউই জানেন না।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা আগামী ২৪ অক্টোবরের পরবর্তী অবস্থা সম্পর্কে প্রশ্ন করলে মোস্তফা কামাল বলেন, আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে সংসদে এসেছি। এই মেয়াদ এখনো পূরণ হয়নি। তবে মেয়াদ পূরণ করা যাবে কিনা তা আমি জানি না। আপনারা জানতে চাইছেন। আমারও প্রশ্ন আগামী ২৪ অক্টোবরের পর কি হবে? তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসাবে আমাদের কাজ কি হবে, রুটিন অনুযায়ী কাজ করতে পারবো কিনা তাও জানি না। নবম সংসদের চলতি ১৯তম অধিবেশনটি শেষ অধিবেশন।
