শিক্ষা মন্ত্রণালয় ও মাইক্রোসফটের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:০৯
সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশের সাথে শিক্ষা মন্ত্রণালয় ‘পার্টনারস ইন লার্লিং প্রোগ্রামে’র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ২০০৫ সালে প্রথম স্বাক্ষরিত ‘পার্টনারস ইন লার্নিং প্রোগ্রামে’র ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো, যা এ পর্যন্ত ১৩,০০০ শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সারাদেশের ২০ লক্ষ শিক্ষার্থীদের সুবিধা প্রদান করেছে। দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আরও ডিজিটাল সুবিধা প্রদানের মাধ্যমে প্রযুক্তির আওতায় এনে, শিক্ষকদের মানোন্নয়ন ও স্কুলগুলোর ব্যবস্থাপনার উন্নয়ন করাই নতুন করে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ডিসি’র ডিজি প্রফেসর ফাহিমা খাতুন, মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়ার জেনারেল ম্যানেজার জেমি হারপার, মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার সারানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।