সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগামী ২৪ অক্টোবর নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরোধীদের গণপিটুনি দেয়া হবে। মঙ্গলবার বিকালে শহরের শহীদ জিয়া হলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজমেরী ওসমানের অফিসে যেদিন র্যাব অভিযান চালায় সেদিন পরিকল্পনা ছিল আমাকে গুলি করে হত্যা করা হবে। প্রশাসন ও সরকার বিরোধী এবং আওয়ামী লীগের ভেতরে থাকা শত্রুদের উদ্দেশ্য করে তিনি বলেন, খেলা হবে ২৪ তারিখের পর। ঐদিন থেকে সবাই বিরোধী দলের। ঐদিন থেকেই এসব বিরোধীদের গণপিটুনি দেয়া হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। নয়তো হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল, নাকে ফুল পড়বো।
সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু প্রমুখ।
