অবসর ভেঙ্গে ক্যামেরুন দলে ইতো

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৫
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বাতিল করেছেন ক্যামেরুন ও চেলসি স্ট্রাইকার স্যামুয়েল ইতো। আগামী সপ্তাহে তিউনিশিয়ার বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের আফ্রিকা জোনের প্লে-অফ ম্যাচ খেলার জন্য ইতোমধ্যে তিনি ক্যামেরুন দলে যোগ দিয়েছেন। চারবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই স্ট্রাইকার। গত মাসে ইতো তার জাতীয় দলের সতীর্থদের কাছে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার এই পরিবর্তিত সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আফ্রিকান জায়ান্ট শিবিরে স্বস্তি ফিরিয়ে আনবে। আগামী ১৩ অক্টোবর তিউনিশিয়ার সমুদ্র তীরবর্তী শহর রেডসে বিশ্বকাপ বাছাই পর্বে প্লে-অফের প্রথম লেগে মুখোমুখি হবে ক্যামেরুন। আর ১৭ নভেম্বর ঘরের মাঠে ফিরতি লেগে তিউনিশিয়াকে আতিথেয়তা দেবে ইতোর দলটি। নিজের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে ক্যামেরুনের সরকারি রেডিওতে এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘জীবনের যত সমস্যাই আসুক না কেন তা মোকাবেলার জন্য সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে। এই মুহূর্তে জাতীয় দলের সতীর্থদের সাথে যোগ দিয়ে তিউনিশিয়ায় খেলা এবং সেখানে ভাল ফলাফল করাই আমরা কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ ১৯৯৭ সালে ক্যামেরুন জাতীয় দলের হয়ে ইতোর অভিষেক ঘটে। কিন্তু জাতীয় দলে আসার পর থেকেই কোচদের সাথে তার নিয়মিত মতবিরোধ সমালোচনার ঝড় তোলে। বর্তমান কোচ ভলকার ফিনকের বিবেচনায়ও ক্যামেরুনের জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনি ছিলেন না। সেই ক্ষোভ থেকেই তিনি প্রথম দিকে অবসরের চিন্তা করেছিলেন। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, মায়োরকা, বার্সেলোনা এবং ইন্টার মিলানে খেলার পরে রাশিয়ার বড় বাজেটের দল আনঝি হয়ে চলতি মৌসুমে তিনি চেলসিতে যোগ দিয়েছেন। -বাসস