বিএনপি যতই ষড়যন্ত্র করুক শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসবে :নাসিম

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:৩১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সন্ত্রাসী, জঙ্গি, খুনি ও দুর্নীতিবাজদের এদেশে ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অন্যতম শান্তিপ্রিয় দেশে পরিণত হবে। গতকাল শনিবার বিকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় আসবে। কারণ শেখ হাসিনার সরকার দেশকে সার্বিকভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল দিচ্ছে। এরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রয়োজনে কৃষকের কাছ থেকে বেশি দামে বেশি করে ধান ক্রয় করুন। এক্ষেত্রে অর্থমন্ত্রীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে কৃষিমন্ত্রী-খাদ্যমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রাজউকের পরিচালক (অর্থ) আবু কাউসার মল্লিকের সভাপতিত্বে সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।