খালেদা জিয়া স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন না :বিএনপি

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:৩২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার মধ্য দিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করে এক শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে বিএনপি অভিযোগ করেছে। বিএনপি বলছে,খালেদা জিয়া স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না। কারাগারের দূষিত পরিবেশে তার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন      সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেগম জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার লিখিত বক্তব্যে বলেন, খালেদা জিয়া বন্দি হওয়ার অনেক আগে থেকেই নানা রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন। একজন বর্ষীয়ান নারীর এই নির্জন মানবেতর কারাবাস স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা বেগম খালেদা জিয়ার বর্তমান গুরুতর শারীরিক অসুস্থতায় উপলব্ধি করা যায়। কারাগারে অবস্থানকালীন তার কক্ষের বাথরুমে তিনি পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ।  আজকে সরকারের একটা অংশ ষড়যন্ত্র করছে চিকিত্সাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়ার জন্য। খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার প্যারোল নিয়ে আমাদের  কোনো চিন্তা নেই। সরকার দাবি না মানলে, যা করলে দাবি মানবে তা করবো আমরা। ডা. জাহিদ হোসেন বলেন, ইনসুলিন নেওয়ার পরও খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তার ব্লাড সুগার ১৪-১৬ মাত্রায় রয়েছে।