পৃথিবীর অনেক দেশে ঘোড়দৌড় একটি জনপ্রিয় খেলা। নিয়ম অনুযায়ী যে ঘোড়া দ্রুত বেগে ছুটে সবার আগে লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই ঘোড়াই জয়ী হয়। ঘোড়দৌড়ের কারণে প্রতি বছর সারা বিশ্বে উল্লেখযোগ্য সংখ্যক ঘোড়ার মৃত্যু হয়। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় হাজার হাজার ঘোড়া। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মৃত্যু হয় প্রশিক্ষণপ্রাপ্ত ৫০০ ঘোড়ার। ঘোড়দৌড় দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম হলেও প্রতিবারই কোন না কোন ঘোড়াকে বরণ করতে হয় দুর্ভাগ্য। ঘোড়ার পাশাপাশি অনেক সময় ঘোড়া পরিচালনায় থাকা ব্যক্তিকেও অনেক সময় মারাত্মক বিপদের মুখে পড়তে হয়। কখনো কখনো মৃত্যুও হয়। একারণেই অন্যতম বিপজ্জনক এক খেলার নাম ঘোড়দৌড়।
যুক্তরাষ্ট্রের জকি ক্লাব ইকুইন ইনজুরি ডাটাবেজের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে ৪৯৩টি ঘোড়ার মৃত্যু হয়। গত বছর শুধু ক্যালিফোর্নিয়ার সান্তা আনিতা পার্কের ঘোড়দৌড়েই মৃত্যু হয় ২৩টি ঘোড়ার। এর পাশাপাশি অনেক ঘোড়া সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। ঘোড়া দৌড়ে অংশ নিয়ে অনেক ঘোড়ার পা ভেঙ্গে যায়। মানুষের পা ভেঙ্গে গেলে সাধারণত মৃত্যুঝুঁকি থাকে না। কিন্তু ঘোড়ার পা ভেঙ্গে গেলে মৃত্যুর আংশঙ্কা তৈরি হয়। আবার মারা না গেলেও পঙ্গু হয়ে যাওয়া ঘোড়ার জন্য বাকী জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। ভাঙ্গা পা নিয়ে শরীরের এতো বেশি ওজন বহন করাটা কষ্টকর হয়ে যায়।
ক্যালিফোর্নিয়া ঘোড়দৌড় বোর্ডের পরিচালক রিক আর্থার বলেন, মূলত প্রতিযোগিতায় জয়ী হওয়ার আকাঙ্খা থেকে ঘোড়ার ওপর বেশি চাপ দেয়া হয়। আর বেশি চাপ নিতে গিয়ে অনেক ঘোড়া প্রতিযোগিতার মধ্যেই অসুস্থ্য হয়ে পড়ে। কোন কোন ঘোড়া প্রতিযোগিতার সময় অসুস্থ্য না হলেও পরবর্তীতে তার ওপর প্রভাব পড়ে। প্রতিযোগিতার সময় ঘোড়াদের যে পরিমাণ বিশ্রামের প্রয়োজন হয় ততটা দেয়া হয় না। আর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মতো প্রচ্ল গরম অঞ্চলগুলোতে ঘোড়ার অসুস্থ্য হওয়ার হার তুলনামূলকভাবে বেশি।
এসব কারণে আজকাল প্রতিযোগিতার আয়োজকরা ঘোড়ার নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নিয়মও বেধে দিচ্ছেন আয়োজকরা। এ বছর মার্চে মার্কিন আইন প্রণেতারা হর্সরেসিং ইন্টিগ্রিটি অ্যাক্ট ২০১৯ উত্থাপন করেছেন। এতে ঘোড়ার নিরাপত্তার বিষয়টির পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়ার মাদক পরীক্ষার নিয়মও অন্তর্ভুক্ত করেছেন।-ন্যাশনাল জিওগ্রাফিক
