ঢাকায় এখন ডিশ লাইনের ওপর ভিত্তি করে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে অসংখ্য মাস্তান ও নেশাখোর। এই ব্যবসার ওপর সরকার কিংবা কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই, নেই কোনো নিয়মনীতি। তাই পেশীশক্তি একমাত্র যোগ্যতা। যার মাধ্যমে এই শ্রেণির ব্যবসা করায়ত্ত করা যায়। প্রত্যেক এলাকায় প্রতি বাসা থেকে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত এই ডিশ ব্যবসায়ীরা আদায় করে থাকে। অথচ ৫০ টাকার বিনিময়ে ডিশ ব্যবসায়ীরা এই লাইন অনায়াসে একটি পরিবারকে দিতে পারে। প্রতি এলাকা থেকে একেকজন ডিশ ব্যবসায়ী মাসিক ন্যূনতম দশ লাখ টাকা লাভ করে থাকে। এই টাকার ওপর কোনো আয়কর বা ভ্যাট ধার্য হয় না পক্ষান্তরে এই টাকায় গড়ে উঠছে ক্রমবর্ধমান মাস্তান চক্র, জোরদার হচ্ছে অবৈধ অস্ত্রের ভান্ডার এবং বিস্তৃত হচ্ছে নেশার জগত্। অতএব বিষয়টি নিয়ন্ত্রণ করে ডিশ লাইনের বিল ৫০ টাকা ধার্য করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো.ফুয়াদ হোসেন,
আরামবাগ, মতিঝিল, ঢাকা
