জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। অন্যদিকে শিক্ষা সচিবের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে সাধারণ শিক্ষক ফোরাম।
গতকাল রাতে এক জরুরী সাধারণ সভায় শিক্ষক সমিতি আগামী ২০ অক্টোবরের মধ্যে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনকে পদত্যাগের আহবান জানিয়েছেন। সভা শেষে রাত সাড়ে নয়টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দীন জানান, শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এবং রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে। না হলে আগামী ২২ অক্টোবর থেকে শিক্ষক সমিতি সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলন থেকে আজ বৃহস্পতিবার শিক্ষকদের শহীদ মিনারের পাদদেশ থেকে কালো পতাকা মিছিলের ঘোষণা দেয়া হয়।
রাত দশটার দিকে সাধারণ শিক্ষক ফোরাম ভিসি বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত করেন। শিক্ষক ফোরামের আহবায়ক কামরুল আহসান জানান, শিক্ষা সচিবের সাথে আলোচনার প্রেক্ষিতে শিক্ষক ফোরাম সাময়িক সময়ের জন্য স্থগিত করল। এ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে শিক্ষক সমিতি ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে শিক্ষক ফোরাম একাত্মতা প্রকাশ করবে।
এদিকে গতকালের সিন্ডিকেট সভা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমেদের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভায় গতকালের ঘটনার জন্য প্রোভিসি শিক্ষা অধ্যাপক এম এ মতিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
