সতর্ক প্রতিক্রিয়া রাষ্ট্রপক্ষের

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২২:৫৭
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রদানের পর সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বুধবার রায় ঘোষণার পর তিনি ট্রাইব্যুনালে সাংবাদিকদের বলেন, রায়ে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট, সে বিষয়ে মন্তব্য করছি না। পূর্ণাঙ্গ রায় দেখার পর এ বিষয়ে রাষ্ট্রপক্ষ প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আলীম যে যুক্ত ছিলেন সেটা এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত থাকার কারণে ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রায় দেখে আপিলের সিদ্ধান্ত হবে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আলীমের যুদ্ধাপরাধের রায় হলে ভালো লাগতো। তবে আদালতের রায়কে মেনে নিতে হবে। আমরা অবনত মস্তকে মেনে নিচ্ছি। রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়েও তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে কোনো গ্রাউন্ড পাওয়া গেলে আপিল করবো। তবে রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, আবদুল আলিম যে যুদ্ধাপরাধী তা আদালতে প্রমাণিত হয়েছে।