ইজহার ও হারুনের বিরুদ্ধে খুনের মামলা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২২:৫৭
হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে মুফতি হারুন বিন ইজহারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় খুনের মামলা হয়েছে। চট্টগ্রামের বহুল আলোচিত মাদ্রাসায় বিস্ফোরণে দু’জন নিহতের ঘটনায় পিতাপুত্রসহ সাতজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর খুলশী থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন এসআই গোলাম নেওয়াজ। মামলায় আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩২৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া গতকাল রাতে ইত্তেফাককে জানান। মামলায় আরও যাদের আসামি করা হচ্ছে তারা হলেন মুফতি হারুনের দেহরক্ষী জুনায়েদ (৩০), বিস্ফোরণে আহত ডিপ্লোমা প্রকৌশলী নূরুন্নবী, হেফজখানা শিক্ষা (আরবী) বিভাগের শিক্ষক মো. এছহাক, কিতাব বিভাগ শেষ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং মাদ্রাসার কম্পিউটার অপারেটর মো. ইকবাল।